ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি তাদের হেফাজতে রয়েছেন। পরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে সুনির্দিষ্ট অভিযোগে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিন পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা দীর্ঘ সময় এই পদে ছিলেন।
জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ ১৭ জনকে আসামি করা হয়েছে।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যকে ঘিরে আইনগত প্রক্রিয়া এখন পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
@ইয়াসমিন রিমা


