ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে ‘জুলাই আন্দোলনের ট্রফি’ তুলে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন। মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১, ১৯৯০ এবং সাম্প্রতিক জুলাই-আগস্ট এই তিনটি আন্দোলনের ‘ট্রফি’ বিএনপির ঘরেই রয়েছে। তার দাবি, অন্য কোনো রাজনৈতিক দল একসঙ্গে এই তিন আন্দোলনের প্রতিনিধিত্ব দেখাতে পারবে না। এ সময় তিনি আওয়ামী লীগ ও বিরোধী দলকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করলে সংসদে উত্তেজনা ও হইচই সৃষ্টি হয়।
মীর শাহে আলম আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে সবাই অংশ নিলেও “ক্যাপ্টেন একজনই”, এবং সেই নেতৃত্বের স্বীকৃতিই ইউনূসের লন্ডন সফরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-কে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে দলের ভূমিকার কথাও তুলে ধরেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং বক্তাকে বাধা না দেওয়ার নির্দেশ দেন। তবে বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে বিরোধী দল তীব্র আপত্তি জানায়।
পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, প্রতিমন্ত্রীর বক্তব্যে “অসংখ্য অসত্য তথ্য” রয়েছে এবং এসব বক্তব্য সংসদ থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান। জবাবে স্পিকার বলেন, বক্তব্য পর্যালোচনা করে অসংসদীয় বা অসত্য কিছু পাওয়া গেলে তা বাদ দেওয়া হবে।
সরকার পরিচালনায় বিরোধী দলের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে একসঙ্গে আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
@ইয়াসমিন রিমা


