ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়।
পরিবারের সদস্যদের দাবি, সরকার পতনের পর শামীম আত্মগোপনে ছিলেন এবং আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী স্বর্ণ বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করেন এবং শামীমকে শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে ডাকেন। সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
গুরুতর আহত অবস্থায় শামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. সেলিম অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ আগে ইরান নামে এক ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। এছাড়া জাফর নামে আরেকজনের নেতৃত্বে হামলাটি হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে পুলিশ বলছে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, ঘটনার পর দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনই প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
@ইয়াসমিন রিমা


