ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে তার পরিবার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াকে ১০ বছরের কারাদণ্ড, প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
তবে এ রায়ে সন্তুষ্ট নন আবু সাঈদের পরিবার। তার বাবা বলেন, “যাদের নির্দেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, তারা রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। প্রকৃত অপরাধীদের বিচার হয়নি।” পরিবারের দাবি, শুধু মাঠপর্যায়ের কয়েকজনকে শাস্তি দিয়ে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সহায়তা পেলে তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
@ইয়াসমিন রিমা


