ভেতরের খবর নিউজ ডেস্ক: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ ফলাফল নিশ্চিত করেন।
জানা গেছে, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এতে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রুবেল।
এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল ভোট ২ হাজার ৮৬। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি এ আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। মোট ভোট পড়েছে ৫২ দশমিক ১৯ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু বিচ্ছিন্ন জাল ভোটের ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে অংশ নেওয়ায় ভোটারদের ধন্যবাদ জানান।
@ইয়াসমিন রিমা


