ভেতরের খবর নিউজ ডেস্ক: মোহনগঞ্জ উপজেলার একটি হাওরের ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বরান্তর এলাকার ধলি হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কৃষকেরা ধলি হাওরে ধান কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ধানখেতে তারা এক ব্যক্তির গলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত আটটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় গাগলাজুর ইউনিয়নের ইউপি সদস্য আশরাফ চৌধুরী জানান, লাশটি ধলি হাওরের স্লুইসগেট সংলগ্ন একটি ধানখেতে পড়ে ছিল। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
@ইয়াসমিন রিমা


