ভেতরের খবর নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পেশকার বাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় নাছির আহমদ (৫৫) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং গত বছরের ১ আগস্ট অবসর গ্রহণ করেন। সর্বশেষ তিনি লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাছির আহমদ দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। অবসরের পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বলে জানা গেছে। তাঁর এক ছেলে শারীরিক প্রতিবন্ধী এবং সম্প্রতি তাকে নিয়ে তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে যান। বাসায় নাছির ও তাঁর কলেজপড়ুয়া ছেলে ইমরান হোসেন (২১) ছিলেন।
সকালে হঠাৎ দা দিয়ে ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেন নাছির। আহত ছেলে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করেন তিনি। এ সময় প্রতিবেশী মিজানুর রহমান ও নাসির আহমদ এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
পরিস্থিতির এক পর্যায়ে নাছির আহমদ দা হাতে তিনতলা ভবনের ছাদে উঠে নিচে লাফ দেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হলে নাছির আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাছির আহমদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
@ইয়াসমিন রিমা


