ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, শব্দ ও লাইন বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান জানান, সংসদের দক্ষিণ প্লাজায় ড. মুহাম্মদ ইউনুস-এর আহ্বানে জুলাই সনদে সই করার সময় বিএনপিই সবার আগে অংশ নেয়। তিনি বলেন, “যে সনদে বিএনপি সই করেছে, সেই সনদের প্রতিটি অঙ্গীকার ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো।”
তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই দলটির অঙ্গীকার পূরণে কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি বিরোধী দলগুলোর সমালোচনা করে বলেন, কেউ কেউ শুরুতে সনদে সই না করলেও পরে নির্বাচনের পর গিয়ে সই করেছে যা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।
বিএনপির বিভিন্ন জনমুখী কর্মসূচি যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়াবিদ তৈরির উদ্যোগ বাস্তবায়নে বাধা এলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “স্বৈরাচারের ভূত আবার কারা উসকে দিতে চাচ্ছে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
এর আগে তিনি মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন এবং পরে জনসভায় যোগ দেন।
@ইয়াসমিন রিমা


