ভেতরের খবর নিউজ ডেস্ক: রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)–এর এক সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তাঁর দুই বোন। শুক্রবার (সকাল সোয়া ৬টা) সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কুতুকছড়ি উপরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ধর্মশিং চাকমা (৩৯) স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইউপিডিএফের যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। আহতরা হলেন তাঁর দুই বোন ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫)। তাঁদের প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এ হামলার সঙ্গে জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে জেএসএস নেতারা জানান, ঘটনাস্থলে তাদের কোনো কার্যক্রম নেই এবং এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়িতে অবস্থানকালে ১৭ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ধর্মশিং চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে তাঁর বুকে ও কোমরে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তাঁর দুই বোনও গুলিবিদ্ধ হন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈকত আকবর জানান, আহত দুই নারীর হাতে গুলি লেগেছে এবং তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
@ইয়াসমিন রিমা


