ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একসঙ্গে ৬৩ জন এতিম কন্যার গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন “সিডস অব সাদাকা Seeds Sadakah (SOS)” এর উদ্যোগে যৌতুক ছাড়াই এবং সম্পূর্ণ বিনা খরচে এই বিয়ের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বালুচর এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। বর-কনে, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অনেকের চোখে আনন্দাশ্রু আর কৃতজ্ঞতার অভিব্যক্তি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুল খায়ের ও জয়নুল আবেদীন রুহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমান।
বক্তারা বলেন, যৌতুকবিহীন বিয়ে যে বাস্তবে সম্ভব, এই আয়োজন তার উজ্জ্বল উদাহরণ। ইসলামের নির্দেশনা অনুযায়ী বিয়ে সহজ করার প্রচেষ্টাই এখানে প্রতিফলিত হয়েছে।
দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ শাহ ওয়ালীউল্লাহ খুতবা পাঠের মাধ্যমে ৬৩টি দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে নবদম্পতিদের সুখ-শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নবদম্পতিদের সংসার শুরুতে সহায়তা হিসেবে খাট, বালিশ, তোশক, পোশাক ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগ সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের পথ তৈরি করবে।
@ইয়াসমিন রিমা