ভেতরের খবর নিউজ ডেস্ক: সরকারের সঙ্গে এস আলম গ্রুপের কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নাকচ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির অর্থনৈতিক নীতিতে কারও সঙ্গে আপস বা সমঝোতার সুযোগ নেই।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যাংক থেকে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অর্থ পুনরুদ্ধারে দেশি-বিদেশি পর্যায়ে কার্যক্রম চলছে। এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের পাচারকৃত অর্থ ফেরাতে বিভিন্ন দেশে আইনি সহায়তা চাওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আইন সংস্থাকেও যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ব্যাংক রেজোল্যুশন আইনের সংশোধন কোনো গোষ্ঠীকে পুনর্বাসনের জন্য নয়, বরং এটি নতুন বিনিয়োগ ও অর্থ ফেরানোর একটি সুযোগ তৈরি করেছে। এদিকে আদালতের নির্দেশে এস আলম সংশ্লিষ্ট বিপুল পরিমাণ ব্যাংক হিসাব, শেয়ার ও স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরও বলেন, অবৈধ অর্থ উদ্ধারের প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
@ইয়াসমিন রিমা