ভেতরের খবর নিউজ ডেস্ক: দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে এবং এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং মন্ত্রণালয় এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, “কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই।”
পরীক্ষা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র পরিদর্শনে গিয়ে কোথাও বড় ধরনের অনিয়ম দেখা যায়নি। মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি কেন্দ্রে সীমিত পরিসরে খাতা দেখাদেখির ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। একটি কেন্দ্রে বাজার এলাকায় হওয়ায় কিছুটা জটলা থাকলেও অভিভাবকদের সহনশীলতার কারণে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।
প্রশ্নফাঁসের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা নেই এবং এমন কোনো ঘটনাও ঘটেনি।” তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সচেতনতামূলক প্রচারণার ফলে পরীক্ষাকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও এ ধারা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। কোনো অভিযোগ উঠলে পরবর্তীতে সেই ফুটেজ যাচাই করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
@ইয়াসমিন রিমা