ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদে বর্তমান সরকারের ব্যাংকঋণ গ্রহণের দ্রুত বৃদ্ধি ও রাজস্ব আদায়ের দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যা বাজেটের নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি জানান, চলতি অর্থবছরে বাজেটে ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। তবে জুলাই থেকে ৯ এপ্রিল পর্যন্ত সরকার ইতোমধ্যে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকা ঋণ নিয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ। এর মধ্যে জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নেওয়া ঋণ ৬৮ হাজার ২২৯ কোটি টাকা।
এ সময় তিনি আরও বলেন, রাজস্ব আদায়েও বড় ঘাটতি রয়েছে। অর্থবছরের আট মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৭৫ হাজার কোটি টাকা পিছিয়ে আছে। এ পরিস্থিতিতে করের আওতা বাড়ানো ও রাজস্ব বৃদ্ধির নতুন কোনো পরিকল্পনা আছে কি না তা জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার মাত্র দুই মাস আগে দায়িত্ব নিয়েছে, ফলে অনেক ঋণ আগের সময়ের ধারাবাহিকতা হিসেবে এসেছে। তিনি জানান, সরকারের নীতি হচ্ছে স্থানীয় ব্যাংক থেকে ঋণ কমিয়ে আনা এবং আগামী বাজেট থেকেই এর প্রতিফলন দেখা যাবে।
অর্থমন্ত্রী আরও বলেন, আগের সরকারের রেখে যাওয়া বড় অঙ্কের দায় (লায়াবিলিটি) বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ ও কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন, অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এসব পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
@ইয়াসমিন রিমা