ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাধিক আবাসিক হলে দেয়াললিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার রাতে বিজয় ৭১ হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে পৃথকভাবে এসব ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছয়জন সাংবাদিক হেনস্তা ও হুমকির শিকার হন।
বিজয় ৭১ হলে রাত ৮টার দিকে ছাত্রদল ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হল সংসদ কক্ষের দেয়ালে বিভিন্ন স্লোগান লেখা হলে ছাত্রশিবিরের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা তৈরি হয়, যা পরে বিক্ষোভে রূপ নেয়। অভিযোগ ওঠে, এ সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ছাত্রশিবির নেতা।
একই রাতে শহীদুল্লাহ হলে ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক’ লিখে দেয়াললিখন করলে পাল্টা স্লোগান লেখে ছাত্রশিবির। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাউস টিউটর উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন এবং দেয়াললিখন মুছে ফেলার প্রস্তাব দেন। তবে ছাত্রদল তাৎক্ষণিকভাবে এতে সম্মতি দেয়নি।
অন্যদিকে, গভীর রাতে জহুরুল হক হলে ‘গুপ্ত শিবির’ লিখে দেয়াললিখন করা হয়, যা নিয়ে হল প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এসব ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিজয় ৭১ ও শহীদুল্লাহ হলে মোট ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হন। তাঁদের ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে ছাত্রদলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে।
ঘটনার পর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
@ইয়াসমিন রিমা