বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি ইউজিসি চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে জানতে অধ্যাপক তানজিমউদ্দিন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গেছে, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সংস্থার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেন।
ইউজিসি সূত্রে জানা যায়, সংস্থাটির অধীনে পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পে সমন্বয়কারীর দায়িত্বে থাকা অবস্থায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রকল্পটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দাতা সংস্থা বিশ্বব্যাংক।
এদিকে, সম্প্রতি বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে হিট প্রকল্পের অনিয়মের বিষয়টি তুলে ধরে। এরপর থেকেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমন আলোচনা চলছিল। এর মধ্যেই তার পদত্যাগের খবর সামনে এলো।
@ইয়াসমিন রিমা