ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে পাঠানো হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ওই পদে যোগ দেন এবং প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসা হয়। এবার ঢাকার ডিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি, যা এই পদে প্রথম নারী নিয়োগের ঘটনা।
এদিকে, সাম্প্রতিক সময়ে প্রশাসনের বিভিন্ন স্তরে বড় ধরনের রদবদল চলছে। নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর সচিবালয় থেকে জেলা প্রশাসন পর্যন্ত একাধিক পদে পরিবর্তন আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এক মাসে তিন দফায় ২০টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছিল।
সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনে গতিশীলতা আনতেই এসব পরিবর্তন আনা হচ্ছে।
@ইয়াসমিন রিমা