মন্ত্রী-সাংসদের দেরিতে সংসদে ছন্দপতন

ভেতরের খবর নিউজ ডেস্ক: সংশ্লিষ্ট দুই মন্ত্রী ও একজন সংসদ সদস্য যথাসময়ে উপস্থিত না থাকায় জাতীয় সংসদের কার্যক্রমে ছন্দপতন দেখা দিয়েছে। আজ সোমবার অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা তিনটি নোটিশ সময়মতো উত্থাপন করা সম্ভব হয়নি, যা নিয়ে সংসদে অনির্ধারিত বিতর্কের সৃষ্টি হয়।
সংসদ সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম অনুপস্থিত থাকায় তাঁদের সংশ্লিষ্ট দুটি নোটিশ নির্ধারিত সময়ে উপস্থাপন করা যায়নি। একইসঙ্গে সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল উপস্থিত না থাকায় তৃতীয় নোটিশটিও বিলম্বিত হয়।
অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব শেষে বিধি–৭১ অনুযায়ী জরুরি নোটিশ উত্থাপনের কথা থাকলেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতির কারণে নোটিশগুলো স্থগিত ঘোষণা করেন। পরে মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত হলে প্রায় এক ঘণ্টা বিলম্বে নোটিশ তিনটি নিয়ে আলোচনা ও নিষ্পত্তি সম্পন্ন হয়।
এদিকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান অধিবেশন দেরিতে শুরু হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্ধারিত সময় পরিবর্তন হলে তা আগে থেকেই সংসদ সদস্যদের জানানো উচিত এবং উপস্থিতির বিষয়ে আরও সতর্কতা প্রয়োজন।
জবাবে স্পিকার জানান, নির্ধারিত সময়েই অধিবেশন আহ্বান করা হয়েছিল, তবে সদস্যদের দেরিতে আসার কারণেই বিলম্ব হয়েছে। তিনি সবাইকে সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানান।
পরে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর যশোর সফরের কারণে অনেক মন্ত্রী ও সংসদ সদস্য সেখানে অবস্থান করায় দেরি হয়েছে। ভবিষ্যতে সময়ানুবর্তিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
শেষে স্পিকার সংসদ সদস্যদের স্মরণ করিয়ে দেন, সংসদের কার্যক্রম যেকোনো সরকারি কার্যক্রমের চেয়ে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *