ভেতরের খবর নিউজ ডেস্ক: সরকার পতনের হুমকি এলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। তাই হুমকি-ধমকি দিয়ে সরকার পতনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তিনি সংসদ নেতার উদ্দেশে বলেন, নির্দেশ পেলেই অতীতের মতো রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, তাদের উসকানিমূলক বক্তব্যের প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়ছে এবং ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, সংসদের বাইরে বিরোধী নেতারা জনগণকে উসকানি দিচ্ছেন এবং স্বল্প সময়ের মধ্যে সরকার হটানোর হুমকি দিচ্ছেন।
তিনি আরও বলেন, দেশে বিভক্তির রাজনীতি নয়, শান্তি ও ঐক্যের রাজনীতি প্রয়োজন। সাম্প্রতিক আন্দোলনে শহীদদের প্রতি সম্মান দেখাতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি।
বিরোধী দলের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, অতীতের স্বৈরাচারী সংস্কৃতি থেকে বের হয়ে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।
@ইয়াসমিন রিমা


