ভেতরের খবর নিউজ ডেস্ক: হাওরাঞ্চলে টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।
বুধবার জাতীয় সংসদে হাওর এলাকার দুর্ভোগ তুলে ধরেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রবল বর্ষণে হাওরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে এবং কৃষকেরা জীবনঝুঁকি নিয়ে ধান কাটছেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, কয়েক দিন আগে আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে সংশ্লিষ্ট তিন জেলার প্রশাসনকে আগাম নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে তিন মাস ধরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত পদক্ষেপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ কিছুটা লাঘব করা সম্ভব হবে।
@ইয়াসমিন রিমা


