ভেতরের খবর নিউজ ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্টদের নিয়ে ইতোমধ্যে বৈঠক করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, এ সপ্তাহেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালুর সময়সীমা নির্ধারণ করা হবে, যাতে বেকার শ্রমিকদের কর্মসংস্থান দ্রুত ফিরিয়ে আনা যায়। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল এবং পূর্ববর্তী সরকারের সময়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, শিল্পখাত পুনরুজ্জীবনের পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। নতুন কলকারখানা গড়ে উঠলে শ্রমিকদের কর্মসংস্থান আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকায় হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, যানজট নিরসনে উচ্ছেদ কার্যক্রম চালানো হলেও হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এ প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়া, শ্রমিক ও কৃষক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের ঋণ মওকুফ এবং সেচব্যবস্থা উন্নয়নে খাল খনন কর্মসূচি চালুর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো এবং শ্রমিক-কৃষক পরিবারের সন্তানদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা।
গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, বর্তমান সরকার জনগণের সমর্থন নিয়ে কাজ করছে, ফলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে।
সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
@ইয়াসমিন রিমা