ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী। এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল ও ব্যানার প্রদর্শন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে।
ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, আটক হওয়া একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের শাহবাগ থানা-এ নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ঝটিকা মিছিল চলাকালে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ফারহান তানভীর নাসিফের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না তা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা, প্রয়োজনে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।
@ইয়াসমিন রিমা