ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। গণনার মাঝপথেই সামাজিক যোগাযোগমাধ্যমে জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বেলা একটার দিকে দেওয়া ভিডিও বার্তায় তিনি দলীয় কর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানান। তিনি বলেন, কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের গণনাকেন্দ্র ছেড়ে না যাওয়ার জন্য সতর্ক থাকতে হবে। তার অভিযোগ, শুরুতে বিজেপির ভোটের ফলাফল আগে দেখানো হচ্ছে এবং তৃণমূলের ফলাফল পরে প্রকাশ করা হচ্ছে। এমনকি কিছু জায়গায় ভোট গণনা বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মমতা আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছে এবং ভোটে অনিয়ম হয়েছে। তবে এসবের মাঝেও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী থেকে বলেন, শেষের রাউন্ডগুলোতে ফলাফল পাল্টে যাবে এবং তৃণমূল জয় পাবে।
অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছেন। তিনি দাবি করেন, এটি বাংলার মানুষের গণতন্ত্রের জয় এবং বর্তমান প্রবণতা প্রমাণ করছে যে তৃণমূলের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে।
প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত ভোটের প্রবণতায় বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ১৯৩ আসনে, আর তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৬ আসনে। এতে করে তৃণমূলের বড় পরাজয়ের আশঙ্কা এবং বিজেপির বড় জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
একদিকে মমতার আশাবাদ, অন্যদিকে বিজেপির আত্মবিশ্বাস সব মিলিয়ে চূড়ান্ত ফলাফল ঘিরে এখন নজর পুরো দেশের। বিকেলের ফলাফলই নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ।
@ইয়াসমিন রিমা