ভেতরের খবর নিউজ ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ এবং তাকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৬ মে) ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে র্যাব-১৪-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪-এর মিডিয়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক প্রায় চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। পারিবারিক অস্থিরতার কারণে তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।
সম্প্রতি শিশুটির শারীরিক অসুস্থতা ও অস্বাভাবিক পরিবর্তন নজরে এলে বিষয়টি সামনে আসে। পরে তার মা বাড়িতে এসে মেয়ের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানতে পারেন। গত ১৮ এপ্রিল মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন।
এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুর ১২টায় র্যাব-১৪-এর অধিনায়ক প্রেস ব্রিফিং করবেন।
@ইয়াসমিন রিমা