ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহীর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর যুবদল এ সিদ্ধান্ত জানায়।
বহিষ্কৃতরা হলেন নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলাম। এর আগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সিসিটিভি ফুটেজে সম্পৃক্ততা স্পষ্ট হওয়ায় নোটিশের অপেক্ষা না করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম।
দপ্তরে সংযুক্ত সদস্য মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, টেন্ডার প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি ও সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও জানানো হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতে দরপত্র বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০–২৫ জনের একটি দল হঠাৎ ভবনে ঢুকে বাক্সটি নিয়ে যায়। পরে কয়েক মিনিটের মধ্যে ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করা হয়। এ সময় ভবনের সামনে কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে, যা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়।
আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, বাক্সটি পুলিশের পাহারায় ছিল, কিন্তু একদল উচ্ছৃঙ্খল যুবক জোর করে সেটি নিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই ভবনের ভেতরে রেখে পালিয়ে যায়।
আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং টেন্ডার মূল্যায়ন কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
পুলিশ জানিয়েছে, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল পরিত্যক্ত ও অচল মালামাল বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রায় ৪০০টি শিডিউল বিক্রি হয়েছিল এবং সংশ্লিষ্ট মালামালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে।
@ইয়াসমিন রিমা