ভেতরের খবর নিউজ ডেস্ক: সারা দেশে হামের প্রাদুর্ভাবে তিন শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছে ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী। একই সঙ্গে হামকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য-এর পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়।
সমাবেশে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, হামের বিস্তার রোধে সাবেক প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। তিনি হামকে মহামারি ঘোষণা করে সর্বাত্মক প্রতিরোধ কার্যক্রম চালুর দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার কোনো সময়েই কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপনে আপত্তি তোলায় ডাকসু নেতাদেরও সমালোচনা করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ দাবি করেন, হামে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তিন শতাধিক শিশু হাসপাতালে মারা গেছে। তিনি অভিযোগ করেন, সংকটের সময় সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিদেশ সফরে ব্যস্ত ছিলেন।
সমাবেশে সংগঠনটির সভাপতি দিলীপ রায় বলেন, হামের বর্তমান পরিস্থিতি প্রাকৃতিক নয়, বরং মানবসৃষ্ট সংকট। তিনি ‘তৌহিদী জনতা’ প্রসঙ্গ টেনে রাজনৈতিক সমালোচনাও করেন।
@ইয়াসমিন রিমা