ভেতরের খবর নিউজ ডেস্ক: নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম এ আদেশ দেন।
নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নূরুল কবির জানান, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের স্বার্থে আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও বলেন, ভিকটিম আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়ে আসামিকে অভিযুক্ত করেছে এবং শিশুটির সন্তানের জন্মের পর ডিএনএ পরীক্ষার দাবিও আদালতে জানানো হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। সম্প্রতি শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা বিষয়টি জানতে পারেন। পরে চিকিৎসকের পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
ঘটনায় গত ২৩ এপ্রিল থানায় মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র্যাব অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
এদিকে শিশুটির অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করা নারী চিকিৎসক হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে।
@ইয়াসমিন রিমা