ভেতরের খবর নিউজ ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকাসক্ত এক যুবকের হামলায় তাঁর বাবা ও স্ত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালিহালা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম মো. ইমামুল (৩০)। তিনি ওই গ্রামের আবুল হাসেমের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছেন ইমামুল। মাদকের টাকা না পেলে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে স্ত্রীর কাছে মাদকের জন্য টাকা চান ইমামুল। টাকা দিতে না পারায় তিনি স্ত্রীকে মারধর শুরু করেন এবং একপর্যায়ে গলা চেপে ধরেন। এ সময় বাধা দিতে গেলে তাঁর বাবা আবুল হাসেমও হামলার শিকার হন।
আবুল হাসেম জানান, ইমামুল একটি দা এনে তাঁকে কোপানোর চেষ্টা করেন। প্রাণভয়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেও পরে দরজা ভেঙে হামলা চালানো হয়। এতে তাঁর হাতের আঙুল কেটে যায়।
পরে স্থানীয় লোকজন আহত আবুল হাসেমকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আবুল হাসেম বলেন, ছেলের মাদকাসক্তির কারণে পরিবার দীর্ঘদিন ধরে আতঙ্কে রয়েছে। ইমামুলের দুই শিশুসন্তানও ভয়ে বেশির ভাগ সময় তাদের মামার বাড়িতে থাকে। মাদকের টাকার জন্য তিনি অটোরিকশাসহ জমিজমা নষ্ট করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত ইমামুলকে খুঁজে পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন।
@ইয়াসমিন রিমা