ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহীতে বৈদ্যুতিক লাইনের উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী ১০ থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে ১৫ ও ২২ মে এই কার্যক্রমের বাইরে রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখাপ্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সূচি অনুযায়ী, ১০ মে দেওয়ানপাড়া ফিডার, ১১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন ফিডার, ১২ মে সুগার মিল ফিডার, ১৩ মে আবারও দেওয়ানপাড়া ফিডার এবং ১৪ মে মেহেরচণ্ডী ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া ১৬ মে বনগ্রাম ফিডার, ১৭ মে কাটাখালী ওভারহেড ফিডার, ১৮ মে কাপাশিয়া ফিডার, ১৯ মে বনগ্রাম ফিডার, ২০ মে কাটাখালী ওভারহেড ফিডার, ২১ মে কাপাশিয়া ফিডার, ২৩ মে বিহাস ফিডার এবং ২৪ মে পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকো জানিয়েছে, কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আবার স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
@ইয়াসমিন রিমা