ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার এক মাদক ব্যবসায়ীকে ছাড়াতে থানায় তদবির করতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ পাঁচজন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর থানা পুলিশ তাঁদের থানা হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা এনামুল হক। বাকি চারজন হলেন নওদা আজমপুর গ্রামের সাইদুল ইসলাম, সুজন আলী, আলাউদ্দিন ও শফিকুল ইসলাম। তাঁদের জামায়াতের সমর্থক বলে জানিয়েছে স্থানীয় নেতারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে নওদা আজমপুর এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার কিছুক্ষণ পর এনামুল হকসহ পাঁচজন থানায় গিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ওসির কাছে তদবির করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের তর্ক-বিতর্ক হয়।
এ বিষয়ে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মাদক কারবারির পক্ষে বারবার চাপ সৃষ্টি ও তদবির করায় পাঁচজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আটক মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। আর হেফাজতে থাকা পাঁচজনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা