ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকটাই নিভৃত জীবন কাটাচ্ছেন দেশের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট তারকা।
সম্প্রতি মাশরাফিকে নিয়ে আবেগঘন কিছু কথা বলেছেন তার বাবা গোলাম মুর্তজা। তিনি জানান, মানসিকভাবে খুব কঠিন সময় পার করছেন মাশরাফি। আগের সেই হাসিখুশি মানুষটিকে আর দেখা যায় না বলেও উল্লেখ করেন তিনি।
গোলাম মুর্তজা বলেন, “ভালো নেই মাশরাফিরা। এক ধরনের জেলখানায় অন্তরীণ আছে প্রায় দুই বছর ধরে। এখন তার জীবন আর কোনো জীবন নেই। খুব কম কথা হয়। সে অনেক আঘাত পেয়েছে।”
সবচেয়ে কষ্টের বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন মাশরাফির একটি কথাকে। তার ভাষায়, “একটা কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। মাশরাফি বলেছে, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।”
পরিবারের আর্থিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি। জানান, তাদের জীবনযাপন খুব সাধারণ এবং সৎ উপার্জনের ওপর নির্ভরশীল। তিনি বলেন, “আমরা কোনোদিন ধান্দাবাজি করে খাইনি। জমিজমা আর খামার করেই চলে আমাদের সংসার।”
@ইয়াসমিন রিমা


