ভেতরের খবর নিউজ ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় নিজ বসতঘর থেকে রাই কর্মকার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাই কর্মকার স্থানীয় ব্যবসায়ী মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরে রাই। পরে পরিবারের সদস্যরা বাসার দোতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের মা শিল্পী কর্মকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে প্রাইভেট থেকে ঘরে আসার কিছুক্ষণ পরই এমন ঘটনা দেখতে পান তারা। কীভাবে কী হয়েছে, তা বুঝে উঠতে পারছেন না বলেও জানান তিনি।
গলাচিপা থানার ওসি (তদন্ত) ঝিলন সিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
@ইয়াসমিন রিমা