ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আকরাম চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে একই বিভাগের সহপাঠী শাহপরান হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মামা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহপরান হোসাইন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়, আকরাম চৌধুরীর ওপর পিছন থেকে লোহার শিকল দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তাঁর মাথা, চোখ, হাত ও পিঠে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে আশপাশের শিক্ষার্থীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী আকরাম চৌধুরী জানান, ক্লাসে যাওয়ার পথে মামা হোটেলের সামনে পৌঁছালে শাহপরান তাঁর ওপর হামলা চালান। প্রথমে চোখের ওপরে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়, এরপর এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তিনি আরও জানান, হাসপাতালে তাঁর চোখের ওপরে পাঁচটি এবং নিচে তিনটি সেলাই দিতে হয়েছে। মাথায় গুরুতর আঘাত লাগায় চিকিৎসক সিটিস্ক্যানও করান। এছাড়া হাত ও পিঠে ব্যান্ডেজ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শাহপরান হোসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. বেলা হুসাইন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, অভিযোগপত্র পেয়েছেন এবং বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা