ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকা পাড়া থেকে মরিয়ম বেগম (৫৫) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মরিয়ম বেগম স্থানীয়ভাবে গৃহশিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিয়মিত এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে যেতেন। মঙ্গলবার সকালে এলাকাবাসীর মাধ্যমে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। মরদেহে মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন এবং কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে, যা থেকে হত্যাকাণ্ডের সন্দেহ আরও জোরালো হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুমি খাতুন ও তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে।
@ইয়াসমিন রিমা