ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর রামপুরা থানা এলাকায় এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় শিহাব হোসেন (১৯) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১৯ মে রাতে রামপুরার একটি মাদ্রাসা থেকে ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে এমন কিছু আলামত পাওয়া গেছে, যা শিশুটি অস্বাভাবিক যৌন নির্যাতনের শিকার হয়েছিল বলে ইঙ্গিত দেয়।
এ ঘটনায় শিশুটির মা শিহাবের নাম উল্লেখ করে রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও আনা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই শিহাব মাদ্রাসা ছেড়ে গ্রামের বাড়ি পাবনায় চলে যান। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এর আগেও তাঁর বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অস্বাভাবিক আচরণের অভিযোগ ছিল।
রামপুরা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিশুটির পরিবার ধারণা করছে সে ধর্ষণের শিকার হয়েছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
@ইয়াসমিন রিমা