ভেতরের খবর নিউজ ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) বেলা দুইটার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এনসিপির ঝিনাইদহ জেলার যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ জানান, হামলার পর তাঁরা বর্তমানে ঝিনাইদহ থানায় অবস্থান করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে বেলা ৩টা ১০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালায়।
পোস্টে আরও বলা হয়, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হলে তিনজনের মাথা ফেটে যায় এবং কয়েকজন আহত হন। নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকেও কিল-ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ছাড়া হামলাকারীরা মুঠোফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তাঁরা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।
তবে এ ঘটনায় স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা