ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার মিরপুরে আলোচিত শিশু হত্যা মামলায় আগামী এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মিরপুরের নিষ্পাপ শিশুর নির্মম মৃত্যু মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রমাণ। সরকার কোনো ধরনের শিশু বা নারী নির্যাতন মেনে নেবে না উল্লেখ করে তিনি জানান, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
তিনি আরও বলেন, নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জাগরণ প্রয়োজন। বক্তব্যে তিনি জাতীয় কবি নজরুলের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে ত্রিশালকে “নজরুল সিটি” হিসেবে ঘোষণা করার সম্ভাবনাও যাচাইয়ের নির্দেশনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
@ইয়াসমিন রিমা