ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন আওয়ামী লীগ ও যুবদল থেকে বহিষ্কৃত দুই নেতা।
জানা গেছে, বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ। আর বড়পাঙ্গাসী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন যুবদলের বহিষ্কৃত নেতা সাদ্দাম হোসেন।
গত ২৩ মে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সভায় উল্লাপাড়া উপজেলা, ১২টি ইউনিয়ন ও পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা রফিকুল ইসলাম খান।
সভা শুরুর আগে আবু হানিফ ও সাদ্দাম হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। পরে তাদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে আওয়ামী লীগের সঙ্গে অতীতে সখ্যের অভিযোগ থাকা প্রিন্সিপাল মঞ্জিল ইসলাম ও দলিল লেখক সমিতির সাবেক নেতা মোস্তাফিজুর রহমান মুকুলকেও চেয়ারম্যান প্রার্থী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তাদের অতীত কর্মকাণ্ড ও বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তোলা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, আবু হানিফ ও সাদ্দাম হোসেন আগে থেকেই জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার পর তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা