ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে বিচারের মুখোমুখি করতে সরকার এখনো ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ । তিনি বলেন, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এমনটাই সরকারের প্রত্যাশা।
রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেলেও সরকার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে একাধিকবার প্রত্যর্পণের চিঠি পাঠিয়েছে। সরকার চায় তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি হন।
এদিকে অনলাইন জুয়া ও ব্যাটিং নিয়ন্ত্রণে নতুন আইন আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে প্রচলিত আইনটি ১৮৬৭ সালের পুরোনো আইন হওয়ায় সেটি বাতিল করে আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়নের কাজ চলছে। নতুন আইনে অনলাইন জুয়া, ইন্টারনেটভিত্তিক ব্যাটিংসহ আধুনিক অপরাধের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করা হবে।
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
@ইয়াসমিন রিমা