ভেতরের খবর নিউজ ডেস্ক: সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার ৯ জিলহজ। আজ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে। লাখো হজযাত্রীর কণ্ঠে ধ্বনিত হচ্ছে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।”
গতকাল সোমবার থেকেই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে মিনায় পৌঁছান লাখো হাজি। আজ ফজরের নামাজের পর তাঁরা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হন। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো আরাফাতে অবস্থান।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হয়েছেন। বাংলাদেশ থেকে গেছেন প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী।
আরাফাতের ময়দানে দিনভর হাজিরা নামাজ, জিকির, কোরআন তিলাওয়াত ও দোয়ায় মশগুল থাকবেন। এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। মসজিদে নামিরা থেকে এবার হজের খুতবা দেবেন মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী আল-হুজাইফি।
সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় যাবেন এবং সেখানে রাতযাপন করবেন। পরে মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও তাওয়াফসহ হজের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
হাদিসে এসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিষ্ঠার সঙ্গে হজ পালন করলে মানুষ নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। মুসলিম বিশ্বে তাই হজকে আত্মশুদ্ধি ও ত্যাগের এক মহিমান্বিত ইবাদত হিসেবে দেখা হয়।
@ইয়াসমিন রিমা