ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি বস্তিতে লাগা আগুন প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট অংশ নেয়। রাত সাড়ে ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে বস্তির অনেকগুলো ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এলাকায় পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
@ইয়াসমিন রিমা