ভেতরের খবর নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।
বুধবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ (২৮)।
পুলিশ জানায়, আল ইমরান একজন আরোহী নিয়ে ঈদের ছুটিতে ঢাকা থেকে বরিশালে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে ভাঙ্গা উপজেলা সদরের দিকে আসছিলেন সাইফুল। পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। আহত হন দুই আরোহী। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই মোটরসাইকেলেরই গতি বেশি ছিল। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
@ইয়াসমিন রিমা