ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মোট ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
মোস্তাক মিয়া বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে মুরাদনগরের আসিফ মাহমুদ জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। একইভাবে হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, “সমন্বয়ের রাজনীতির কথা বলা হলেও বাস্তবে তাঁদের মধ্যে বৈষম্য ছিল।”
তবে কীভাবে এই টাকা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি জেলা পরিষদ প্রশাসক। পরে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী জানান, মোস্তাক মিয়া ব্যস্ত রয়েছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন।
অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রশংসা করেন। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
@ইয়াসমিন রিমা