ভেতরের খবর নিউজ ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো এবারও শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, শুধু দলীয়ভাবেই নয়, ব্যক্তিগত উদ্যোগেও যেন সবাই মানবিক সহায়তায় এগিয়ে আসে।
তিনি আরও বলেন, “এটাই শহীদ জিয়ার শিক্ষা। আসুন, সবাই শপথ করি—নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
@ইয়াসমিন রিমা