ভেতরের খবর নিউজ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খালের দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে কয়েকজন খালে মাছ ধরতে গেলে সেখানে আগে থেকেই মাছ চাষের দাবি করা পক্ষ বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
জামায়াত নেতা শাহিন হোসেন দাবি করেন, খালটির ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে মাছ চাষ চলছিল। দরিদ্র মানুষ মাছ ধরতে গেলে তাদের ওপর হামলা করা হয়।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম বলেন, তিনি নতুন ইজারার জন্য আবেদন করেছেন এবং খালে আগে থেকেই মাছ ছাড়া ছিল। মাছ ধরতে বাধা দিলে প্রতিপক্ষ হামলা চালায়।
এ ঘটনায় বিএনপির কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
@ইয়াসমিন রিমা