ভেতরের খবর নিউজ ডেস্ক: খুলনা নগরের দৌলতপুরের পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজের পর মুসল্লিদের লক্ষ্য করে গুলির ঘটনায় বিভিন্ন দিক বিবেচনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ডিজিটাল তথ্য সংগ্রহ এবং ভুক্তভোগীদের ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চোরাই তেল কারবার বা চরমপন্থী গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, তাও তদন্তে গুরুত্ব পাচ্ছে।
রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা মসজিদে ঢুকে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ব্যবসায়ী আলম শেখও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত লোকমান হাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, আর আলম শেখ খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা ও একটি অব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে একটি সিসিটিভি ফুটেজে মসজিদের সামনে দিয়ে লাল রঙের মোটরসাইকেলে দুই ব্যক্তিকে যেতে দেখা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
@ইয়াসমিন রিমা