ভেতরের খবর নিউজ ডেস্ক: আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে বর্তমান চেয়ারম্যান ও সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন-কে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে ব্যাংকের তারল্য সংকট, চলমান পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হয়।
সম্প্রতি চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ ও আস্থাহীনতার কারণে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলনের চাপে পড়ে ইসলামী ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকটিকে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। তবে এ নিয়োগের পর থেকেই ব্যাংকটির একাংশ কর্মকর্তা, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং মতিঝিলে বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে।
@ইয়াসমিন রিমা