ভেতরের খবর নিউজ ডেস্ক: একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগের মুখে দেশ ছাড়ার দুই বছরেরও বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন তিনি।
রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ইন্টারপোলের মাধ্যমে জারি করা রেড নোটিশের ভিত্তিতে ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সরকারকে ই–মেইলে জানিয়েছে।
পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মতে, বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপকতা ও গুরুত্ব নজিরবিহীন। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, গুম-খুন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা হয়েছে।
২০২৪ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর ও পরিবারের সম্পদের অনুসন্ধান শুরু করলে বিপুল সম্পদের তথ্য সামনে আসে। এরপর একই বছরের ৪ মে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন। পরে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়া শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেনজীর আহমেদের গ্রেপ্তার বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য এবং এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথ আরও সুগম হবে।
@ইয়াসমিন রিমা