ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের শেষ সদস্য ১৩ বছর বয়সী মিমও মারা গেছে। তার মৃত্যুর মধ্য দিয়ে আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল পরিবারের চার সদস্যই। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
মঙ্গলবার (১৬ জুন) ভোররাত ১টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মিমের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, মিমের শরীরের ৫১ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিমের মা সুলতানা বেগম (৩৫)। সোমবার মারা যান পরিবারের কর্তা আব্দুল মান্নান (৫০) এবং ছেলে সিয়াম (১৯)। কয়েক দিনের ব্যবধানে পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে আহতদের মধ্যে শুধু প্রতিবেশীর শিশু হযরত আলী (৮) জীবিত রয়েছে। ৮ শতাংশ দগ্ধ অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
গত ১১ জুন সকালে মদনপুর ইউনিয়নের চানপুর এলাকায় একটি একতলা বাড়িতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রাতে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সকালে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে। ঘটনায় সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
@ইয়াসমিন রিমা