ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, কিছু গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপতৎপরতা মোকাবিলায় সাংবাদিকসহ সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা