ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি রাতুল শিকদার ওরফে অমিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১৬ জুন) মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিওতে রাতুলকে চাঁদা দাবি করতে এবং হুমকি দিতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না, প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না।’ অডিওটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে বাংলাদেশ পোশাকশ্রমিক ট্রেডিং ফেডারেশনের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম টঙ্গী পশ্চিম থানায় রাতুলসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা চাঁদা না পেয়ে তাকে অপহরণ করে ৬৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা